২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

এ ঘটনায় রাতে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেছেন।

নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সদরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরশাহী ইউনিয়নে চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম।

খবর পেয়ে রাতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সদর হাসপাতালে গিয়ে আহতসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 

এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হয়ে পল্টাপাল্টি স্লোগান দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

এ ঘটনায় রাত সাড়ে ৮টায় দিকে জামায়াতের নেতাকর্মীরা শহরে মিছিল করেছেন। তবে ঘটনাটি নিয়ে জামায়াত ও বিএনপি নেতারা একে-অপরকে দোষারোপ করেছেন।

জামায়াতে ইসলামীর আহতরা হলেন- চরশাহী ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন এবং শাহাদাত হোসেন খোকন।

বিএনপির আহতরা হলেন- রাসেল ভূঁইয়া, কামাল হোসেন এবং মো. রাসেল। তারা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার এক বাড়িতে মহিলা জামায়াতের তালিমকে কেন্দ্র করে বিএনপি নেতা রাসেল ভূঁইয়া ও জামায়াতের যুব বিভাগের নেতা আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহমানকে মারধর করা হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। 

পুলিশ জানায়, মহিলা জামায়াতের লোকজন বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাইতে যান। এ সময় তারা সেখানে ভোটার আইডি কার্ড চায়। এ নিয়ে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে।

ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম।