২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুলিশের বাধায় জাপার কর্মী সম্মেলন পণ্ড

পরে জেলা কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

দিনাজপুরে পুলিশের বাধায় জাপার কর্মী সম্মেলন পণ্ড
দিনাজপুর প্রেস ক্লাব থেকে পুলিশ নেতাকর্মীদের বের করে দেওয়ার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী।

বিডিনিউজ২৪

দিনাজপুর প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

পুলিশের বাধায় দিনাজপুর শহরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন পণ্ড হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি কাটছাঁট করতে বাধ্য হয়েছে দলটি।

শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। সভা শুরুর আগে পুলিশ সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের ‘জোরপূর্বক’ বের করে দেয় বলে অভিযোগ তাদের।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে ‘রাজনৈতিক হুমকি’ থাকায় এবং সমাবেশ আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকায় তারা বাধা দিয়েছেন।

এ কর্মী সম্মেলনে যোগ দিতে এসেছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

পুলিশের বাধার বিষয়ে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাতে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। পরে আমরা ছোট পরিসরে পার্টি অফিসের সামনে ১৫-২০ মিনিটের জন্য দাঁড়িয়ে সমাবেশ করে চলে এসেছি।"

প্রেস ক্লাবে সম্মেলন করতে না পেরে দলটির নেতাকর্মীরা পরে কিছুটা দূরে কোতোয়ালি থানার সন্মুখে জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় মহাসচিব শামীম পাটোয়ারী বলেন, “তিন-চার মাস ধরে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে, পরের বার বেশি লোক নিয়ে আসি আমরা। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা আইন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। 

“আমরা কাউকে পরোয়া করি না। আমরা রাজনীতি করি, জেল-জুলুমের জন্য প্রস্তুত।”

তিনি বলেন, “কিছু দল আমাদের দোসর বলে। কারণ, জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না। জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন দল। তাই অনেকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টি ভোটের সময় গজিয়ে উঠা কোনো দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল, বিরোধী দলেও ছিল।”

শামীম পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টিকে ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না এবং সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না এবং বার বার গণবিপ্লব হবে।”