গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে সরল শ্রমিকরা
নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি কারাখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় অবস্থিত ‘সি স্টেজ বিডি লিমিটেডের’ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন বলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান।
প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবর তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছিলেন। সেদিন ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ, নির্ধারিত দিনে বেতন না পেয়ে তারা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে। এদিকে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর জেরে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়।
শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এ সময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা আমজাদ হোসাইন বলেন, “আন্দোলনরত শ্রমিকদের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। কিন্তু তারা অনুরোধে সাড়া না দিয়ে আন্দোলন অব্যাহত রাখে। তাই কয়েকটি সাউণ্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।”
তিনি বলেন, “মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের যে অভিযোগ, কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে তা সঠিক নয়।”
