২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, “ঘটনার খবর পেয়েছি।”

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 11:12 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, রোববার রাত ৮টার দিকে বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হল- ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুসি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)। 

তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকালে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। 

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, “ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”