১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজ নৈশপ্রহরীর অর্ধগলিত লাশ মিলল কলাবাগানে

“বাদশা গত সোমবার সন্ধ্যায় কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।”

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 06:43 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

কুষ্টিয়ার কুমারখালীতে তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ আলী জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ (৪২) সাঁওতা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পের  নৈশপ্রহরী ছিলেন।

নিহতের আত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল শেখ বলেন, “বাদশা গত সোমবার সন্ধ্যায় কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি।”

এসআই আলী বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কলাবগান থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে স্বজনেরা তার মরদেহ শনাক্ত করেন।”

তিনি বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। সেটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”