Published : 08 Jul 2023, 05:10 PM
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ ও নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মীর আব্দুল করিম কলেজের ছাত্র, বারুইপাড়ার ছত্রগাছা, মির্জানগর গ্রামসহ আশেপাশের বহলবাড়ী ও তালবাড়ীয়া ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা বলেন, কিছু অসাধু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করছে। এ কারণে নদীতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনে এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতশত বিঘা ফসলি জমি। চরম হুমকিতে পড়েছে মির্জানগর গোরস্থান, শতবর্ষী মীর আব্দুল করিম কলেজ, মাদ্রাসা ও কয়েকশ বসতবাড়ি।
এসব রক্ষায় বালি উত্তোলন বন্ধ ও নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনে ‘গোরস্থান বাঁচাও-গ্রাম বাঁচাও’, ‘কলেজ বাঁচাও-মহাসড়ক বাঁচাও’, ‘নদী বাঁধের জিও ব্যাগ রক্ষা কর’, ‘ফসলি জমি রক্ষা করো’, ‘যত্রতত্র বালু তোলা বন্ধ কর’ ও ‘বসতবাড়ী নদীর ভাঙন থেকে বাঁচাও’- এসব স্লোগান দেন স্থানীয়রা।