২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় টাকার জন্য রোগী আটকে স্বজনদের মারধরের অভিযোগ

ওসি বলেন, রোগীর স্বজনরা থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

সাতক্ষীরায় টাকার জন্য রোগী আটকে স্বজনদের মারধরের অভিযোগ

সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 11:15 PM

Updated : 02 Apr 2023, 11:15 PM

সাতক্ষীরায় টাকার জন্য রোগী আটকে স্বজনদের মারধর করে আহত করার অভিযোগ উঠেছে হার্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে। 

অ্যাম্বুলেন্সে তিন ঘণ্টা আটকে রাখার পর পুলিশের হস্তক্ষেপে রোগী ও স্বজনদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার বেলা ১১টায় শহরের হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খাঁন। 

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রতর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। 

আটকে রাখা রোগী মুক্তি বিশ্বাস (৪৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাউখোলা পরানপুরের কার্তিক বিশ্বাসের ছেলে।

রোগীর কাকী টুম্পা বিশ্বাস বলেন, “২৮ মার্চ দুপুরে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে এখানে ভাইপোকে ভর্তি করি। পাঁচ দিন ধরে হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছে। রোগীর অবস্থা অবনতি হওয়ায় আজ সকালে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেই। 

“সকালে রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠি। তখন আমার ভাইপো উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যায়। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দিতে না চাওয়ায় কথা কাটাকাটি হয়। তখন ম্যানেজার তাদেরকে মারধর করে।”

হামলার শিকার মুক্তির কাকাত ভাই উত্তম বিশ্বাস বলেন, “আমার কাছে ম্যানেজার অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করেন। তখন আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় আমাদেরসহ অ্যাম্বুলেন্সে থাকা মুক্তি দাদাকে আটকে দেয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা আমাকে ম্যানেজারের রুমে আটকে রেখে মারপিট করা হয়।”  

মুক্তির আপন দাদা গৌতম বিশ্বাস বলেন, “মুক্তিকে অ্যাম্বুলেন্সে আটকে রাখে। এবং উত্তম বিশ্বাসকে ম্যানেজারের রুমে আটকে রাখে। মারপিট করার বিষয়ে জানতে গেলে ম্যানেজারসহ হার্ট ফাউন্ডেশনের কর্মচারীরা আমাকে ও সন্তোষ বিশ্বাস দাদাকে মারধর করে।” 

হার্ট ফাউন্ডেশনে স্ত্রীর চিকিৎসা করাতে আসা আব্দুর রহিম বলেন, “আমি হাসপাতালে দ্বিতীয় তলায় ছিলাম। হঠাৎ দেখলাম, গোলমাল শুরু হয়েছে। এগিয়ে গিয়ে জানতে পারলাম এক রোগীর কাছে বেশি টাকা চাওয়ার কারণে গোলমাল শুরু হচ্ছে। পরে দেখি হাসপাতালে লোকজন রোগীর স্বজনদের মারধর করছে।” 

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত বিষয়টি অস্বীকার করে বলেন, “রোগীর স্বজনরা আমাদের ওপর চড়াও হয়েছে। আমরা রোগীর স্বজনদের কোনো প্রকার মারধর করিনি।”  

হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সাল আহমেদ বলেন, “কোনো রোগীকে আটকে রাখা হয় না। ছাড়পত্র করার জন্য আমার বাসায় আসছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য দেরি হয়েছে। রোগীর লোকজন হাসপাতালের স্টাফদের ওপর চড়াও হয়েছে। তবে স্টাফরা কোনো মারধরের ঘটনা ঘটায়নি।”  

সাতক্ষীরা থানার ওসি বলেন, রোগীর স্বজনরা থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে রোগীকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন সজিবুর রহমান বলেন, “রোগীর স্বজনরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”