২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে কলেজছাত্রীকে ‘ফোনে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ’

পরে স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 08:53 PM

Updated : 18 Jun 2023, 08:54 PM

লালমনিরহাটে কৌশলে ফোনে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সদর থানার ওসি এরশাদুল আলম জানান, এ বিষয়ে রোববার সকালে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেন ওই কলেজছাত্রীর বড় বোন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়।

অভিযোগ থেকে আরও জানা যায়, বিমানবাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামে এক যুবক লালমনিরহাট মজিদা খাতুন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দুবছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলে। গত শনিবার বিকালে এয়ারপোর্টে দেখা করতে ফোনে মেয়েটিকে ডেকে নেন সোহাগ। পরে তিনি মেয়েটিকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এরই মধ্যে সোহাগের দুই বন্ধু সেখানে উপস্থিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সরে গেলে তার দুই বন্ধুও মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।

একদিকে রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা ফোনে কল দিলে মেয়েটি বাঁচার আকুতি জানান।

পরে স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।

ওসি এরশাদুল আলম বলেন, “কল পেয়ে সদর থানা পুলিশ গুরুতর অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে; পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।”

এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের ফোন নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ আসে জানিয়ে ওসি আরও বলেন, আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।