২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: কুমিল্লা জেলা পরিষদ সদস্য রিমান্ডে

এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 02:21 AM

Updated : 31 Mar 2024, 07:33 PM

কুমিল্লার মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম সরকার হত্যা মামলায় দুই আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম পঞ্চম আদালতের বিচারক আব্বাস উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন।

এর মধ্যে প্রধান আসামি জেলা পরিষদের সদস্য মো. আবদুল কাইয়ুমকে দুদিন এবং তার সহযোগী দুলাল মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কাইয়ুম উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। একই গ্রামের বাসিন্দা দুলালের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

১৮ সেপ্টেম্বর সকালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম সরকারকে কুপিয়ে ও টেঁটার আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই মো. টিটু সরকার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তা বিল্লাল।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]