২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

ধামরাইয়ে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 11:22 PM

Updated : 14 Aug 2022, 11:22 PM

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় যানের চালকসহ পাঁচজন আহত হন।

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল হক জানান।

নিহত একজন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন (২৪)। অপর জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহত পাঁচজনের মধ্যে ওমর ফারুক (২৮), রকি (২৫), এনামুল (২৬) ও কেরামত শেখ (২৫) এর নাম জানাতে পেরেছে পুলিশ। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক আজিজুল হক বলেন, “এ ঘটনায় প্রথমে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।”

তিনি জানান, হতাহত সবাই পিকআপ ও কাভার্ডভ্যানে ছিলেন। দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও কাভার্ডভ্যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়।