২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকের চাপায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিহত

নান্টু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান নির্মাণ সংস্থা রোসাটম কোম্পানির নির্মাণ শ্রমিক ছিলেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 02:23 PM

Updated : 09 Nov 2022, 02:23 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু সড়কের দিয়াড় বাঘইল এলাকায় মজিবার সরদারের রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পাকশী হাইওয়ে পুলিশের ওসি আশিষ স্যানাল জানান।

নিহত নান্টু বিশ্বাস (৪২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণ শ্রমিক ছিলেন। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাস পাড়ার মজিদ বিশ্বাসের ছেলে। বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান নির্মাণ সংস্থা রোসাটম কোম্পানির একজন শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নান্টু সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থল রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আশীষ বলেন, ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। লাশ পরিবার নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।