ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন
মামলায় বলা হয়, ওই প্রধান শিক্ষক শিশুটিকে সকালে স্কুলে যেতে বলেন; এত সকালে স্কুলে আর কোনো শিক্ষক ও ছাত্রছাত্রী ছিল না।
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন বলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ জানান।
রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আবদুল করিম খান বাহাদুর (৩০) উপজেলার খুশীপুর গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাত দিয়ে পিপি হাফেজ আহম্মদ জানান, আবদুল করিম খান বাহাদুর বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিষয় পড়াতেন। ২০১৯ সালের ২৮ মার্চ সকালে তিনি একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যেতে বলেন। সেদিন এত সকালে স্কুলে আর কোনো শিক্ষক ও ছাত্রছাত্রী ছিল না।
এ অবস্থায় শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে শ্রেণিকক্ষের মধ্যেই ধর্ষণ করেন আবদুল করিম। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন, জানালে ওই ছাত্রী ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দেন। এরপর ওই প্রধান শিক্ষক নানা ভয়ভীতি দেখিয়ে আরও কয়েকবার শিশুটিকে ধর্ষণ করেন।
কিছু দিন পর ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে ওই বছরের ৫ এপ্রিল শিশুটির বড় বোন বাদী হয়ে আবদুল করিমের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় ধর্ষণের মামলা করেন।
ওই থানার এসআই মো. মোবারক হোসেন মামলটি তদন্ত শেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
