২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে একদিনে প্রাণ গেল সাতজনের

রোববার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি রয়েছেন।

বজ্রপাতে একদিনে প্রাণ গেল সাতজনের

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 11:02 PM

Updated : 02 Jul 2023, 11:37 PM

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি রয়েছেন।

জামালপুর: জামালপুরে বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। বিকালে শহরের বানিয়াবাজার ও হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন জানান, বিকালে ঝিনাই নদীর তীর থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক কৃষক মারা যান। একই সঙ্গে মারা যায় তার তিনটি গরুও।

এ ছাড়া বিকালে পুরাতন ব্রহ্মপুত্র নদে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৪২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। আব্দুল খালেক শহরের বানিয়াবাজার এলাকার নায়েব আলী সরকারের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা মো. দুলু ও শাহজাহান আহত হন।

কুড়িগ্রাম: রৌমারী উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে শুকুর আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রৌমারী উপজেলার তিনতেলি গ্রামের মজিবর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন শুকুর আলী। দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদ রানা মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ: হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে ইন্তাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে হাঁস আনতে গিয়েছিলেন ইন্তাজ আলী। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠের ১২টি মৃত হাঁসের পাশ থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। 

রাজশাহী: নওহাটা পৌরসভা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে জয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত জয় বড়বনগ্রামের শেখপাড়ার জিয়াউল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরে খাবার শেষে জয় ও তার বন্ধু সিয়াম বাড়ি থেকে বের হয়ে পাকুড়িয়া ব্রিজের দিকে যায়। এর কিছুক্ষণ পরই বজ্রপাত হলে জয় নিহত ও সিয়াম আহত হয়। সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা: কেন্দুয়ায় গরুর ঘাস কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন এক যুবক।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পিজাহাতি গ্রামের হাওরে মারা যান তুষার মিয়া (২৫)। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, বিকালে বৃষ্টির মধ্যেই গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের হাওরে যান তুষার। হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর: বাগাতিপাড়ায় বজ্রপাতে বোরহান কবির শপথ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শপথ লালপুর উপজেলার আব্দুলপুরের মিলকিপাড়া এলাকার সুলাইমান হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকালে বন্ধুদের সঙ্গে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলেন শপথ। হঠাৎ বজ্রপাত হলে তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে বন্ধুরা উদ্ধার করে পাশের মজুমদার ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মজুমদার ক্লিনিকের পরিচালক ডা. অংশুমান মজুমদার বলেন, বজ্রপাতে ওই যুবকের শরীর কালো হয়ে গিয়েছিল। ক্লিনিকে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী: পাংশায় বজ্রপাতে আলাদা স্থানে আট নারী আহত হয়েছেন।

বিকালে উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর ও পৌরসভার মৌকুড়ী এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এনামুল হক।

আহতরা হলেন, বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাসরিন আক্তার, হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন মন্ডলের স্ত্রী আকলিমা, চরঝিকড়ী গ্রামের সোনাইয়ের স্ত্রী রিনা, আকিদুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, পাংশা পৌরসভার মৌকুড়ি গ্রামের আক্কাস আলীর স্ত্রী বিলকিস বানু, নিজাম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম, আজাদ হোসেনের স্ত্রী শিপ্রা এবং হিলালের স্ত্রী নাসিমা খাতুন।

আহতদের পরিবারের বরাত দিয়ে চিকিৎসক জানান, বিকালে যখন বৃষ্টি শুরু হয় তখন এই নারীরা কেউ ঘরে, কেউ বারান্দায় আবার কেউ রান্নাঘরে কাজ করছিলেন। বৃষ্টি চলাকালে বজ্রপাতে এরা আহত হন।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আট নারীই আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।