সোনাগাজীতে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ৬
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ৪০টি কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও দুইজনকে আটক করে পুলিশ।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সংঘর্ষে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান আহত হলে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে সোনাগাজী মডেল থানার পরিদর্শক খালেদ হোসেন দ্যাইয়ান জানান।
পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে।
ছাত্রলীগ কর্মসূচির পালনের ডাক দিলেও পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার মধ্যেই সকাল থেকে থেমে থেমে সংঘর্ষ চলছিল। বিকাল সাড়ে ৪টা থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
বিএনপি শহরতলীর ভৈরব রাস্তার মাথায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করে। অপরদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে সমাবেশ করেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা গাছের গুড়িতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সময় সংঘর্ষে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন বাহার বলেন, ১৫ অগাস্ট উপলক্ষে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সেখানে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। আর আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতারা নিজেরা নিজেরা মারামারি করেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমানের আহত হওয়ার কথা জানিয়ে সোনাগাজী মডেল থানার পরিদর্শক খালেদ হোসেন দ্যাইয়ান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৪০টি কাঁদুন গ্যাস নিক্ষেপ ও দুইজনকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
