২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে’ দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 09:56 PM

Updated : 05 Mar 2024, 09:56 PM

ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে’ দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে; এ ছাড়া বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন জানান।

তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা জেলা সদরসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে বিরাসার গ্রামের বাবুল মিয়ার গোষ্ঠী এবং একই গ্রামের মিজান আনসারির গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দুই গোষ্ঠীর লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে দেশি অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তল ব্যবহার করতে দেখা গেছে।

এ সময় উভয়পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মূলত আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে ধারণা অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের।

জুয়া খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমন কথা শুনেছি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বেশকিছু দেশি অস্ত্র।”

পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।