কুষ্টিয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ: মৃতের সংখ্যা বেড়ে তিন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাবার মৃত্যুর চার দিন পর ছেলের মৃত্যু হল।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে একটি বাড়িতে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
এর আগে রোববার দুপুরে ওই ঘটনায় দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়। ২৭ এপ্রিল রাতে চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তপাড়া গ্রামে হামলায় তারা অগ্নিদগ্ধ হন।
নিহত ফারুক মণ্ডল (২৪) ওই গ্রামের দিনু মণ্ডলের ছেলে। দিনুও ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২৭ এপ্রিল মোজাম মণ্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় ৭৩ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা করেন।
মামলার নথির বরাত দিয়ে ওসি মুজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে শিকদার খাঁ ও মণ্ডল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে গ্রামের একটি রাস্তা নির্মাণের জমিকে কেন্দ্র করে ২৭ এপ্রিল শিকদার খাঁ পক্ষের লোকজন মণ্ডল পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পেট্রোল ঢেলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক লুটপাট চালায়। আগুনে ৬ জন দগ্ধসহ ১৬ জন আহত হয়।
তিনি আরও বলেন, আহত কয়েকজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে আক্তার মণ্ডল (৩৭) ও দিনু মণ্ডলের (৬৭) মৃত্যু হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দুই আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
তিনজনের মৃত্যুতে এলাকাবাসী দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন
