২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের কারাদণ্ড, আটক ২

একবার দিয়ে আবার ভোট আসলে ভ্রাম্যমাণ আদালত আবুল কালামকে আটক করে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 02:08 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে আসা এক রিকশাচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুইজনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান।  

দণ্ডিত আবুল কালাম (৩৫) ওই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় বাসিন্দা। 

প্রিজাইডিং কর্মকর্তা আজাদ বলেন, “আবুল কালাম একবার এসে ভোট দিয়ে গেছেন। পরে আরও একবার ভোট দিতে আসলে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।” 

উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলদলিয়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে জাল ভোট দিতে আসা ফেরদৌস হাসানকে (১৮) আটক করা হয়েছে বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামসুল আলম জানান। 

তিনি বলেন, তাকে আটকিয়ে রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বজরা ইউনিয়নের খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তাসরিফ আলম আমিনকে আটক হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২৮টি ইউনিয়ন ২টি পৌরসভায় ৩১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।  ৭ লাখ ৮১ হাজার ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। অপর দিকে তিন উপজেলায় ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ১১ জন। 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, “তিন উপজেলা নির্বাচনে আমাদের প্রায় ১ হাজার দুইশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।”