দুর্গম পাহাড়ের কুরুকপাতায় কেন এত ‘হাম’
মিয়ানমার-বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গম এ এলাকা থেকে দুই-আড়াই ঘণ্টা হেঁটে ছোট বাচ্চাদের এভাবে নিয়ে আসা অসম্ভব। প্রয়োজনে টিকা কর্মীদের বিশেষ বরাদ্ধ দিয়ে পাড়াগুলোতে পাঠাতে হবে, বলেন ইউএনও।
প্রতিবছরই এ সময়টাতে বান্দরবানের আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গ নিয়ে শিশুরা আক্রান্ত হলেও এবার মাত্রা অনেক বেশি। এজন্য বাসিন্দাদের টিকা নেওয়ার ক্ষেত্রে ‘কুসংস্কারের’ পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ‘যোগাযোগহীনতা ও অবহেলার’ বিষয়টিও সামনে এসেছে।
দেশজুড়ে হাম ও উপসর্গ নিয়ে শিশুদের সংক্রমণের প্রকোপ ও মৃত্যু বাড়তে থাকার মধ্যে মিয়ানমার-বাংলাদেশের সীমান্তবর্তী ওই ইউনিয়নের দুর্গম পোয়ামুহুরী এলাকায় এরই মধ্যে তিন ম্রো শিশু মারা গেছে।
মারা যাওয়া তিন শিশুর নমুনা পরীক্ষা করা না হলেও স্বাস্থ্য বিভাগ দাবি করছে, তাদের দুজন অন্য কোনো জটিলতার মারা গেছে। আরেকজন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যায়।
ম্রো পাড়ায় সেবা দেওয়া একজন স্বেচ্ছাসেবী বলছেন, এসময়ে অসুস্থ শিশুদের পেট ব্যাথা, ডায়রিয়া, হালকা জ্বর এবং শরীরে লালচে দাগ রয়েছে। হালকা বমিও করছে কেউ কেউ। মৃত দুজনের মধ্যে হাম-উপসর্গের লক্ষণ ছিল।
এ অবস্থার মধ্যে রোববার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুরুকপাতা বাজার এলাকায় শনিবার থেকে একটি অস্থায়ী ক্যাম্প চালু করা হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন ‘হামের’ ৭৩ রোগী পাওয়া গেছে। তাদের বেশির ভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
‘মৃত দুজনের হামের লক্ষ্মণ স্পষ্ট ছিল’
স্থানীয়রা বলছেন, কুরুকপাতা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের রিংলত ম্রো পাড়ায় ১২ এপ্রিল হামের লক্ষণ নিয়ে মারা যায় দুই শিশু হল- রিংলত পাড়ার বাসন্দিা লেংক্লাং ম্রোর তিন মাস বয়সী মেয়ে জংরুং ম্রো এবং লুকুন ম্রোর সাত বয়সী ছেলে খতং ম্রো।
এরপর ২২ এপ্রিল ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায় ইয়াংরিং পাড়ার ‘প্রেন্নই শিক্ষালয়’ নামে আবাসিক ছাত্র হোস্টেলের শিক্ষার্থী তুমমুম ম্রো। সে ইয়াংরিং মাংক্রান্ত পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুরু থেকেই ‘হাম-উপসর্গে’ আক্রান্ত শিশুদের সেবাযত্ন নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে কাজ করছেন সীমান্তবর্তী পাড়ার বাসিন্দা সাকনাও ম্রো।
এলাকায় ‘হাম-উপসর্গ’ কীভাবে ছড়ায় সেটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “এপ্রিল মাসের শুরুর দিকে এলাকাবাসী জানায়, প্রথমে ৯ নম্বর ওয়ার্ডের ইন্দুমুখ এলাকায় হামের লক্ষণ নিয়ে একটা শিশু মারা যায়। তবে এটা নিজের চোখে দেখিনি। এরপর আমার পাড়ার পাশে রিংলত ম্রো পাড়ায় মারা যায় দুজন শিশু। তাদের স্পষ্ট হামের লক্ষণ ছিল। এর কিছু দিন পর হোস্টেলে একজন মেয়ে মারা যায়। তারপর থেকে দুর্গম সব পাড়ায় হাম ছড়িয়ে পড়েছে।
“এখন পর্যন্ত আক্রান্ত হয়ে কেউ ভর্তি হতে আসছে, কেউ আবার ভালো হয়ে ফিরে যাচ্ছে। এরকম অবস্থা চলছে। আগেও প্রত্যেক বছর এই সময় এই এলাকায় হামের রোগ হত। মাঝে মধ্যে মারাও যায়। কিন্তু এ বছর ব্যাপক আকারে হচ্ছে। মনে হচ্ছে, বেশি গরমের কারণে হচ্ছে। এলাকাবাসী হিসেবে সাধ্যমত রোগীদের সহযোগিতা দিয়ে যাচ্ছি।”
‘প্রেন্নই শিক্ষালয়’ আবাসিক ছাত্র হোস্টেলের পরিচালক উথোয়াইংগ্য মারমা বলেন, “ইন্দুমুখ পাড়ায় ও রিংলত ম্রো পাড়ায় তিন শিশু মারা যাওয়ার পর হোস্টেলের কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ৩০ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে হামের লক্ষণ দেখা দেয়। সবারই পেট ব্যাথা, ডায়রিয়া, হালকা জ্বর এবং শরীরে লালচে দাগ দেখা দেয়। কেউ কেউ হালকা বমিও করে। পরে উপজেলা সদর থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে এসে চিকিৎসা করানো হয়।”
উথোয়াইংগ্য মারামা বলেন, “এরপর অসুস্থ অবস্থায় হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। এখনও হোস্টেলের সাতজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার মধ্যে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, লামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং কক্সবাজার সদর হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছে।”
তবে শিশুরা ‘হামে আক্রান্ত’ হয়ে মারা যায়নি দাবি করে জেলা সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী বলেন, “প্রথমে যে দুজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলা হচ্ছে, তাদের একজনের বয়স দুই মাস, আরেকজনের তিন মাস। এই বয়সে আসলে হাম হয় না। তারা নিউমোনিয়াতে মারা গেছে। অন্য জটিলতায় মারা গেছে।
“আরেকজন যে মারা গেছে সে চার-পাঁচ দিন জ্বর নিয়ে ঘরে ছিল। জ্বর যখন কমছিল না তখন আমাদের মেডিকেল টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার চেষ্টা করে। হাসপাতালে আসার পথেই শিশুটি মারা যায়। হাসপাতালে যদি নিয়ে আসা যেত তখন বোঝা যেত যে বাচ্চাটি হামে মারা গেছে, নাকি অন্য রোগে মারা গেছে। সে হামে’মারা গেছে কিনা এখনও নিশ্চিত না।”
‘টিকা নিয়ে ম্রোদের নানা সংস্কার আছে’
‘হামে আক্রান্ত’ রোগীদের খবর নিতে শনিবার আলীকদম এলাকায় যান সামজিক সংগঠন ম্রো সোস্যাল কাউন্সিলের সাবেক নেতা ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোও।
প্রত্যেক বছর শুধু আলীকদমের কুরুকপাতার দুর্গম এলাকায় কেন হামের প্রাদুর্ভাব ঘটে জানতে চাইলে খামলাই ম্রো বলেন, “আমার জানা মতে, কুরুকপাতার উপরের দিকে কোনো এলাকায় শিশুদের টিকা দেওয়া হয় না। তারা বরাবরই টিকার আওতার বাইরে থাকছে। তার কারণ, টিকা নিয়ে সেখানকার ম্রোদের যেমন নানারকম সংস্কার রয়েছে; ঠিক তেমনি স্বাস্থ্য বিভাগেরও গাফিলতি রয়েছে। দুর্গমতাও একটা ব্যাপার।
“সেখানে প্রত্যেক বছর এই সময় হাম ও ডায়রিয়া রোগের প্রার্দুভাব ঘটে। অনেকে টিকা নেয় না। কিন্তু টিকা নেয়নি বলে স্বাস্থ্য বিভাগও আর কিছু করে না। টিকা দেওয়ার আগে স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি (গ্রামপ্রধান) ও হেডম্যানদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া দরকার। এটা একটা বিশেষ এলাকা হিসেবে বিশেষ কর্মসূচি নিতে হবে। অধিকাংশ শিশু টিকার আওতার বাইরে থাকায় এ বছর বেশি করে হামে আক্রান্ত হচ্ছে বলে মনে করি।”
প্রায় একই কথা বলেছেন জেলা সিভিল সার্জন শাহীন হোসাইন।
প্রত্যেক বছর আলীকদমের একটা নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট জনগোষ্ঠী বার বার কেন হামে আক্রান্ত হচ্ছে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, “এ বছর ম্যাসিভ আকারে ছড়িয়ে পড়ার কারণ হল দুর্গম এলাকার বাসিন্দারা স্বাস্থ্য সচেতন না। টিকা দিতে কর্মীরা গেলেও তারা ঠিকমত সাড়া দেয় না। তাছাড়া স্বাভাবিকভাবে হামে প্রাদুর্ভাব হওয়ার সময় এখন। তবে এখন একটু ব্যাপক আকারে দেখা যাচ্ছে। এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধিরাও কারণ খুঁজে দেখছে। তারা গবেষণা করে দেখছে। পরে হয়তা জানা যাবে।”
তিনি বলেন, “যদিও স্বাস্থ্য বিভাগ নিয়মিত টিকা সরবারহ নিশ্চিত করেছে এবং কোনো ঘাটতি ছিল না। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় চিকিৎসা ও লজিস্টিক সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়ারম্যান, হেডম্যান ও কারবারিদের সম্পৃক্ত করে প্রচার চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
এলাকাটি অর্থনৈতিকভাবেও অস্বচ্ছল
হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসে তাদের বেশিরভাগই পোয়ামুহুরী সীমান্তবর্তী দুর্গম এলাকার বাসিন্দা। তাদের সবাই জুমচাষি এবং অর্থনৈতিকভাবেও অস্বচ্ছল।
রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা, ওষুধপত্র কিনে দেওয়া এবং মূমুর্ষ রোগীদের অন্য জায়গায় পাঠানো থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন ম্রো স্বেচ্ছাসেবক যুব সংগঠন ম্রো ইয়ুথ অর্গনাইজেশন।
সংগঠনটির কর্মী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেনতাব ম্রো বলেন, “রোগীর অভিভাবক হিসেবে এখানে যারা আসে তাদের বেশির ভাগই জুমচাষি ও গরিব। এমন কেউ আছে যারা কোনোদিনই উপজেলা সদরে আসেনি। হাতেও টাকা-পয়সা নাই তাদের।
“ওষুধপত্র কেনা, হাসপাতালে ভর্তি করা, ডায়রিয়া হলে বার বার কাপড় বদলাতে নতুন কাপড় কেনা, নাস্তা অথবা ভাতের ব্যবস্থ করা হয়। মূমুর্ষ রোগী হলে গাড়ি অথবা অ্যাম্বুলেন্স ঠিক করে অন্য জায়গা পাঠানো এসব কিছু করা হয়। আমরা ২০ জনের মত স্বেচ্ছাসেবক হিসেবে আছি। এসব করতে গিয়ে আমাদেরও কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে। তবে অনেকেই টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করছে। ভালো সাড়া পাচ্ছি।’’
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলছিলেন, রিংলত পাড়া নামে যেখানে দুজন শিশু মারা গিয়েছিল। পাড়াটি একেবারেই নতুন। আশপাশে কোথাও ছায়া নাই। কোনো গাছগাছালি নাই। সরাসরি গরম এসে পড়ে। এরকম কয়েকটি পাড়া থেকে হাম ছড়িয়েছে। এ ছাড়া দুর্গম এলাকার লোকজন স্বাস্থ্যগতভাবেও অসচেতন। ঠিকমত টিকাও পায়নি। সবকিছু মিলে এ বছর হাম প্রকট আকার ধারণ করেছে।
অস্থায়ী ক্যাম্প ভরসা
স্বাস্থ্য বিভাগ বলছে, শনিবার কুরুকপাতার বাজার এলাকায় প্রাইমারি স্কুলে একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে দুজন মেডিকেল অফিসার, তিনজন সিনিয়র স্টাফ নার্স এবং একজন চিকিৎসা সহকারী রয়েছে। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকও পরিদর্শন করে এসেছেন। সেখানে ৩০ জনের মত রোগী থাকতে পারবে। থাকা-খাওয়া সব ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক কার্যক্রম চলবে। টিকা দেওয়া হচ্ছে।
ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো রোববার সন্ধ্যায় বলেন, অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে বিকাল পর্যন্ত ৪০০ বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এলাকাটি আসলে দুর্গম। এখনও সব জায়গায় খবর দেওয়া যায়নি। যাদের মধ্যে হামের লক্ষণ দেখা দেবে তারা এখানে এসে ভর্তি হবে। চিকিৎসা নেবে।
স্বাস্থ্য বিভাগ বলছে, হামের উপসর্গ পেলে ওখানে নিয়ে এসে ভর্তি করা হবে। যাদের অবস্থা একটু খারাপ হবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম আলম বলেন, “অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন অন্য কোনো বেসরকারি উন্নয়ন সংস্থাকেও যুক্ত করা যায় কিনা ভাবা হচ্ছে।
“এসব দুর্গম এলাকা টিকার আওতায় আসেনি। ওখানে পাড়াগুলোও যেহেতু বিচ্ছিন্ন। টিকা দেওয়ার হারও কম মনে হয়। এবার আমার অভিজ্ঞতায় যেটা মনে হয়, পাড়াগুলো টার্গেট করে সেখানে গিয়ে টিকা দিয়ে আসতে হবে। এছাড়া অন্য কোনো সমাধান দেখছি না।”
তিনি বলেন, “দুই-আড়াই ঘণ্টা হেঁটে ছোট বাচ্চাদের এভাবে নিয়ে আসা অসম্ভব। প্রয়োজনে টিকা কর্মীদের বিশেষ বরাদ্ধ দিয়ে পাড়াগুলোতে পাঠাতে হবে। এখন তথ্য নিচ্ছি, কোন পাড়ায় কতজন টিকা নেওয়ার উপযুক্ত আছে। আগে ওটা নিশ্চিত করতে হবে। কুরুকপাতা স্কুলে এখন নয় মাস থেকে পাঁচ বছর শুধু না; ১৫ বছর পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন-
