Published : 16 Apr 2026, 04:52 PM
হামের প্রাদুর্ভাবের মধ্যে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর সেখানে চিকিৎসক দল পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রিংলত পাড়ায় শনিবার দুই শিশুর মৃত্যু হয় বলে স্থানীয় প্রশাসন জানান।
তবে এলাকাটি দুর্গম হওয়ায় মৃত্যুর খবরটি নজরে আসেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে বিষয়টি সামনে আসে।
পাশাপাশি ওই এলাকার আরও চার শিশু হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সব মিলিয়ে এরকম মোট ছয় শিশু হাসপাতালে রয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “এখন পর্যন্ত জেলায় হামের কোনো রোগী শনাক্ত হয়নি। তবে কুরুকপাতা ইউনিয়নের খবর পাওয়ায় সেখানে একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে।”
পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসক দল সেখানে কাজ শুরু করছে বলেও জানান সিভিল সার্জন।
মারা যাওয়া দুই শিশু হল- কুরুকপাতা ইউনিয়নের রিংলত পাড়ার লেংক্লাং ম্রোর তিন মাস বয়সী মেয়ে জংরুং ম্রো এবং একই এলাকার লুকুন ম্রোর সাত মাস বয়সী ছেলে খতং ম্রো।
পোয়ামুহুরী এলাকার বাসিন্দা সাকনাও ম্রো বলেন, আক্রান্ত পাড়াটি পোয়ামুহুরী বাজার থেকে দুই থেকে আড়াই ঘণ্টার হাঁটা পথ। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর পৌঁছাতে দেরি হয়েছে।
তার ভাষ্য, আশপাশের আরও কয়েকটি পাড়ায় হামের উপসর্গ নিয়ে বেশ কিছু শিশু অসুস্থ রয়েছে।
স্থানীয় বাসিন্দা তনওয়াই ম্রো বলেন, রিংলত পাড়াসহ কয়েকটি পাড়ায় অন্তত ২০ থেকে ৩০ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হলেও সবাই হাসপাতালে যেতে পারেনি। তাদের মধ্যে তার ছোটবোন কনক্রাত ম্রোকে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই পাড়া থেকে ইয়ারাও ম্রো (৭), ইয়ং ম্রো (৯) ও রুমরই ম্রো (১০) চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. হাসান বলেন, বর্তমানে ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এর মধ্যে চারজন কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা থেকে এসেছে। পরিস্থিতি যাচাইয়ে চার সদস্যের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেছেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও তা হাম রোগে হয়েছে কিনা নিশ্চিত নয়। চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছে। প্রয়োজন হলে রোগীদের দ্রুত উপজেলা সদরে আনার ব্যবস্থা করা হবে।