২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প

মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটি।

হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প
ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

শনিবার সকালে উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি।

পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে হাসপাতাল হল রুমে একটি আলোচনা সভা হয়।

সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, সারা দেশের মতো আলীকদমেও হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুর্গম কুরুকপাতা এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুরুকপাতা বাজারে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিদিন একটি মেডিকেল ক্যাম্প বেইজ ক্যাম্প থেকে কার্যক্রম পরিচালনা করবে এবং আশপাশের পাড়াগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ভবিষ্যতে কুরুকপাতা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুই চিকিৎসক, একজন মেডিকেল সহকারী ও তিনজন নার্সের একটি মেডিকেল টিম কুরুকপাতা বাজারে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়। পরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বিও ওই ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুর্গম এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন দরকার। 

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটির দুই যুগ্ম সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বিবৃতিতে বলেন, এলাকায় পরিবহন ব্যবস্থা দুর্বল হওয়ায় রোগীদের হাসপাতালে আনা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পুষ্টি ও নিরাপদ পানীয় জল নিশ্চিত করার পাশাপাশি বিশেষ স্বাস্থ্য সহায়তা কর্মসূচি প্রদান করতে হবে। 

হামের লক্ষণ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জন শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ২৭ জন শিশু এখনও চিকিৎসাধীন। আক্রান্তদের অধিকাংশ কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী পোয়ামুহুরী এলাকার বাসিন্দা।