মাদারীপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
পুলিশ জানায়, পিকআপ ভ্যানের চালক এবং ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে উভয় বাহনের দুই চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের উপজেলার হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ জানান।
নিহতরা হলেন- ঝিনাইদহের খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ট্রাক চালক মো. উজ্জ্বল (৩৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে পিকআপ চালক মো. রায়হান (২১) ।
ওসি শাকিল বলেন, ঢাকা- ওই এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
“এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক চালক উজ্জ্বল ও পিকআপ চালক রায়হান গুরুতর আহত হন।”
ওসি বলেন, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান মহাসড়ক থেকে সরিয়ে থানায় রেখেছে।
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
