২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক

দাবির মুখে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং এসআই ফরিদকে জেলা থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 09:30 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

এ ছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং এসআই ফরিদকে সরিয়ে দেওয়া হবে বলে জানান ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ তুলে দুর্নীতিবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শহরের শহীদ মিনার থেকে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে যান। 

শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিন দিনের ছুটি নিয়ে ঝিনাইদহ ছেড়ে চলে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, রফিকুল ইসলাম নিজেকে গোপালগঞ্জের লোক বলে পরিচয় দিয়ে দাপট দেখাতেন। তিনি দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

পরে শিক্ষার্থীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান এবং সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানান। 

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের ওই দুই কর্মকর্তাকে ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছুটি নিয়ে চলে গেছেন।”