ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরোধ-মুক্ত দুদিন পর
২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে বুধবার সকাল থেকে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়।
দুদিনের বেশি সময় অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন কার্যালয় থেকে বের হয়েছেন।
শুক্রবার দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তার সঙ্গে ছিলেন।
তৃতীয় শ্রেণির ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন কর্মচারীরা। তারা তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান। তারা দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি উপাচার্যের কার্যালয়ে আসার পর সেখানে অবস্থানে থাকা কর্মচারীরা চলে যান।
এরপর শিক্ষার্থীরা তালা খুলে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে তাকে বাইরে আসার অনুরোধ করেন। তবে ওই সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বাইরে আসেননি। পরে দুপুরে ছাত্রদের সঙ্গে গিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করেন।
নামাজ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ফরহাদ হোসেন বলেন, “আমি গর্বিত, আমি এমন কিছু সন্তান পেয়েছি যারা সত্য, ন্যায় এবং বাস্তবতা বুঝতে পেরেছে। তোমাদের মতো সন্তানরা থাকলে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা থাকলে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয় অবশ্যই এগিয়ে যাবে।”
মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের নেতৃত্ব দানকারী মাহমুদুল হাসান দুলাল বলেন, “অযৌক্তিক কিছু দাবি আদায়ের জন্য তৃতীয় শ্রেণির কর্মচারীরা ভিসি স্যারকে অবরুদ্ধ করে রাখে। এটা খুবই দুঃখজনক ঘটনা। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।”
তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “আমাদের কর্মবিরতি এখনও অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভিসি কার্যালয়ের বাইরে যাওয়ায় আমরা কোনো বাধার সৃষ্টি করিনি।”
তিনি বলেন, অবস্থান ধর্মঘট শুরুর পরেই ভিসিকে জানানো হয়েছিল – সকালে হাঁটা বা বিশেষ কোনো প্রয়োজনে তিনি কার্যালয়ের বাইরে যেতে পারবেন।
কর্মচারীরা তাদের দাবির বিষয়ে বলেন, ২০১৯ সালের ২০ অগাস্ট তৎকালীন উপাচার্য (ভিসি) ২২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। তারপর থেকে এই ২২ জন কাজ করে আসছিলেন। সেই সঙ্গে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছিলেন। কিন্তু নানা কারণে তাদের চাকরি স্থায়ী করা হয়নি।
সম্প্রতি ১৫ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েরে পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর থেকে অস্থায়ী ভিত্তিতে চাকরি করা ২২ জন আন্দোলন শুরু করেন। এ নিয়ে তারা গত ৩০ অক্টোবর ১৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ভিসি বরারবর। কিন্ত স্মারকলিপি প্রদানের পরেও বুধবার (২ নভেম্বর) কেয়ারটেকার পদের নিয়োগ বোর্ড রাখায় তারা উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, “তারা ১৫ পদের বিপরীতে ২২ জনকে নিয়োগ দিতে বলছে, এটা অযৌক্তিক। ইউজিসির চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। তিনি নতুন করে আরও সাত জনকে নিয়োগের আশ্বাস দেওয়ার পরও তারা আন্দোলন করে যাচ্ছে। এতে আমার অধিকার লঙ্ঘন করেছে।”
