২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ২ ঘণ্টা বন্ধ যান চলাচল

গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 11:45 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ঝড়ো বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গাছ কেটে এক পাশে সরিয়ে নেওয়া হলে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওই সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। 

তিনি বলেন, “বৃষ্টির কারণে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ধারে বেশ কিছু গাছ শিকড়সহ উপড়ে পড়ে। এর মধ্যে দুটি বড় গাছ সড়কের ওপর পড়ে থাকার কারণে এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।” 

শহিদুল ইসলাম আরও বলেন, “গাছ পড়ে বৈদ্যুতিক তারও ছিঁড়ে ছিল। বিদ্যুৎকর্মী, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের  সদস্যরা গিয়ে পড়ে থাকা গাছ কেটে সরান।” 

শুক্রবার আরো লোকজন এনে রাস্তা থেকে গাছগুলো পুরোপুরি সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান। 

এদিকে,গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। 

রাজ আবেদীন রাজু নামে এক পথচারী বলেন, রাস্তা বন্ধ থাকায় দুই ঘণ্টার ওপরে আটকে ছিলেন তিনি।