Published : 11 Aug 2025, 10:26 AM
লক্ষ্মীপুরে একনলা বন্দুকসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে সেনাবাহিনী।
রোববার গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা বলে লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানিয়েছেন।
একই রাতে হামদাদী ইউনিয়নের পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে নাঈম নামের এক মালয়েশিয়ান প্রবাসী যুবকের মাছের খামার থেকে মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার একেএম ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক।
তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ক্যাপ্টেন রাহাত খান বলেন, “গোপন সংবাদে যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
“পরে নাঈমের মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা, মদ, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে যায়।“
নাঈমের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানিয়েছেন।