Published : 10 May 2026, 05:35 PM
কুষ্টিয়ার মিরপুর উপজেলা মাদক মামলার এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার তদবিরের অভিযোগে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে মিরপুর থানা থেকে তাদের আটক করা হয় বলে থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।
আটকরা হলেন- সদরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনামুল হক (৪৫), জামায়াত কর্মী ও ইউপি সদস্য প্রার্থী আলাউদ্দিন (৪৩), বাকি তিনজন ইউনিয়ন জামায়াত কর্মী সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯)।
পুলিশ বলছে, গ্রেপ্তার আসামির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার বর্ণনায় ওসি শহিদুল বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে মিরপুরের নওদা আজমপুর এলাকা থেকে রবিউল ইসলামকে (৩৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেন তারা। তিনি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “রবিউলকে থানায় আনার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা পরিচয়ে কয়েকজন ব্যক্তি থানায় এসে তাকে ছেড়ে দেওয়ার তদবির করেন। এক পর্যায়ে ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।”
এ বিষয়ে জানতে মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার টিপু সুলতান বলেন, “এনামুল হক স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তিনি কেন থানায় গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।”
অন্যদিকে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক বলেছেন, “স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কয়েকজন নেতাকর্মী থানায় গিয়েছিলেন। বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তারা না বুঝেই সেখানে গিয়েছিলেন।”