২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুদকের মামলায় ভূমি কর্মকর্তার ২২ বছরের জেল

কারাদণ্ডের পাশাপাশি ওই কর্মকর্তাকে এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানায় দুদক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2024, 11:56 AM

Updated : 28 Mar 2024, 11:55 AM

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের আলাদা তিনটি মামলায় এক ভূমি কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে দুদক ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান।

দণ্ড পাওয়া মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত)। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মোহাম্মদ শাহরিয়ারের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে দুদক।

সাক্ষ্যগ্রহণ শেষে তিনটি মামলায় আসামিকে একটিতে পাঁচ বছর, আরেকটিতে ১০ বছর এবং অপরটিতে সাত বছর কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানায় দুদক।

রায় ঘোষণার পর শাহরিয়ারকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে দুদকের উপ-পরিচালক রেজাউল জানান।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]