Published : 28 Aug 2026, 11:05 AM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- শাহজালাল বাবু (২৯) ও জোবায়ের আহমেদ মিঠু (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, “গোপন খবরে কলেজমোড় এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
এ সময় তাদের কাছ থেকে ১৭০টি ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “এ ঘটনায় কচাকাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”