বরগুনার দুই সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল আইনে মামলা
সাংবাদিক বলেন, “যুবলীগ নেতার হামলার শিকার সৈনিক লীগের নেতার ভিডিও বক্তব্য ও ঘটনাস্থলের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।”
সংবাদ প্রকাশ ও শেয়ার করায় সুনামহানির অভিযোগ এনে বরগুনার দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের এক নেতা।
বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার।
বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন।
বাদী সাইফুল বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
আসামিরা হলেন- অনলাইন পত্রিকা দৈনিক সাগরকুল এর প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফ।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জানান, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, সৈনিক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু যুবলীগ নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য তার অনুমতি ছাড়া ছবি এবং তথ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। পরে নেছার উদ্দিন তার ফেইসবুক আইডিতে এর লিংক পোস্ট দেন।
একই প্রতিবেদন তিনি তার অনলাইন পত্রিকায়ও প্রকাশ করেন। সেটি পত্রিকার বার্তা সম্পাদক আসিফ শেয়ার করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, এ সংবাদের কারণে যুবলীগ নেতা ও তার পরিবারের স্বাভাবিক জীবন অসম্ভব হয়ে পড়েছে। তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার ক্ষেত্রে এই মিথ্যা সংবাদ প্রচার ভূমিকা রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মো. নেছার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় যুবলীগ নেতার হামলার শিকার সৈনিক লীগের নেতার ভিডিও বক্তব্য ও ঘটনাস্থলের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়েছে। কিন্তু শুধু আমার বিরুদ্ধে কেন মামলা করেছে সেটি বোধগম্য নয়।”
