Published : 23 May 2026, 01:38 PM
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে উপজেলার শিমুলিয়ার কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাফ হোসেন।
হতাহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই বাসযাত্রী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খোকসা থানার ওসি মোল্লা মো. জাকির হোসেন বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী বিসমিল্লাহ পরিবহন যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং পরে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে হতাহতের মধ্য আরও অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত ও আহতদের নাম-পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন।