আচরণবিধি লঙ্ঘন: এমপি জিল্লুল হাকিমকে শোকজ
শোকজ নোটিসে বলা হয় তিনি নির্দিষ্ট নির্বাচনি এলাকার বাইরে গিয়ে বিজয় দিবসের আলোচনা সভায় নৌকার ভোট চান।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
গত রোববার ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য ও দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহিনুর রহমানের স্বাক্ষরে নোটিসটি পাঠানো হয় বলে রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান।
নোটিসে বলা হয়েছে, সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি নির্দিষ্ট নির্বাচনি এলাকার বাইরে গিয়ে বিজয় দিবসের আলোচনা সভায় নৌকার জন্য ভোট চান।
আইন অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে এ ধরনের বক্তব্য দেওয়ায় অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি।
নোটিসে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য কেন নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়, সে মর্মে ওই প্রার্থী তিনি নিজে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে কমিটির কার্যালয়ে গিয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
