২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের ফের সড়কে বেক্সিমকো-ডরিনের শ্রমিকরা, যান চলাচল বন্ধ

ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা দ্বিতীয় দিনের মত আর বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চার দিন ধরে বিক্ষোভ করছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 03:11 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

গাজীপুর মহানগরীতে আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করছে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক ও ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল শ্রমিকরা সড়কের দুটি এলাকায় অবরোধ শুরু করেন, ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম। 

এর মধ্যে জিরানি এলাকায় সকাল ৮টা থেকে ডরিন ফ্যাশন লিমিটেডের এবং চক্রবর্তী এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এই বিক্ষোভ করছেন। 

ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের দাবি কারখানা খুলে দেওয়ার, এই দাবিতে তারা দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করেছেন। আর বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে চার দিন ধরে বিক্ষোভ করছেন। 

বেক্সিমকো কারখানার শ্রমিক আফজাল হোসেন বলেন, “গত ৫ অগাস্টের পর থেকে আমরা সঠিক সময়ে বেতন পাচ্ছি না। পরের মাস প্রায় শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত অক্টোবর মাসের বেতন পাইনি। বেতন না পেয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।”

শ্রমিক শামীমা আক্তার বলেন, “বেতন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বেতন পেলেই আমরা কাজে ফিরব।”

অপরদিকে, বেক্সিমকোর শ্রমিকদের অসন্তোষের কারণে সারাব, জিরানিসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এর মধ্যে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাও রয়েছে। শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার জিরানি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত পর্যন্ত বিক্ষোভ করে রাত ১১টার দিকে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। ফের মঙ্গলবার সকাল থেকে আবারও নিয়ে অবরোধ সৃষ্টি করে।

ডরিন ফ্যাশনের অপারেটর আমিনুল বলেন, গত ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে। পরে গত রোববার খুলে দেওয়া হলেও দুপুরের পর আবার ছুটি দিয়ে দেওয়া হয়। 

সোমবার শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে গিয়ে দেখেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, “আমাদের কারখানায় কোন সমস্যা হয়নি তারপরে কেন কারখানা বন্ধ রাখা হয়েছে। তাই কারখানা খুলে দেওয়ার দাবিতে আমরা বিক্ষোভ করছি।”

এর আগে সোমবার দুপুরে বেক্সিমকো ও ডরিন ফ্যাশন কারখানার শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ না দেওয়ায় অ্যমাজান নিট নামে একটি পোশাক কারখানা আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবারও কাশিমপুর জিরানি এলাকায় অন্তত দশটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম। 

তিনি বলেন, গত কয়েক দিনের মতো আজও (মঙ্গলবার) শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় থানা পুলিশ ও শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।

পুরানো খবর

গাজীপুরে পোশাক শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষ, কারখানায় আগুন

বকেয়া বেতন: বেক্সিমকো শ্রমিকদের ফের বিক্ষোভ-অবরোধ

বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

গাজীপুরে সড়কে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি