শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২ ছাত্রীর মরদেহ উদ্ধার
নদীতে গোসল করতে নামে ইমা, ইয়াসমিন ও সাদিয়া; তারা কেউ সাঁতার জানতো না।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টার দিকে নদীর দুই তীর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।
নিহতরা হলো- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৬) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৪)।
পলাশ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাদেকুল বারী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাখপুরে নদীতে গোসল করতে নামে ইমা, ইয়াসমিন ও সাদিয়া। সম্পর্কে তারা একে অপরের আত্মীয়।
“তারা কেউ সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে সাদিয়া তীরে উঠে আসতে পারলেও ইমা ও ইয়াসমিন পানিতে তলিয়ে যায়।”
খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে তাদের উদ্ধারে নদীতে অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
পুলিশ জানায়, সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গি থেকে ডুবুরি দল গিয়ে আবারও উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযানে চালিয়েও তাদের খোঁজ পাওয়া যায়নি।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা সাদেকুল বারী জানান।
এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে ওসি ফিরোজ জানান।
