২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা’

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তারা বাসাটি ভাড়া নেন বলে ওই নারীর চাচা জানান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 12:59 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার খবর এসেছে।

শনিবার বিকল চারটার দিকে বাইমাইল এলাকায় ভাড়া বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে কোনাবাড়ি থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৫) ও স্ত্রী মৌ আক্তার বৃষ্টি (২০)। 

বৃষ্টি একই জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

তারা বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় থাকতেন।

ওই বাড়ির মালিকের ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, “সকাল থেকে সোহাগ-বৃষ্টি দম্পতির ঘরের দরজা বন্ধ দেখে অন্য ভাড়াটিয়ারা অনেকবার ডাকাডাকি করলেও দরজা খুলেনি। পরে বিকালে আবারো ডাকাডাকি করে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে গৃহবধূর গলা কাটা ও ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে।

বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, দুই বছর আগে সোহাগ-মৌয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। মৌ সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সোহাগ কোনাবাড়ি ব্র্যাক এনজিওতে হিসাবরক্ষণ  কর্মকর্তা হিসেবে ছিলেন। ১ ফেব্রুয়ারি তারা ওই বাসাটি ভাড়া নেন। এমন ঘটনা কেন ঘটল বুঝতে পারছি না।”

ওসি নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সিআইডির টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।”