২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ যুবক

বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

গাইবান্ধায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ যুবক

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 06:04 PM

Updated : 03 Jun 2023, 06:04 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বামনডাঙ্গা-গাইবান্ধা সড়কের উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক এম এ আজিজ। 

নিহতরা হলেন- উপজেলার সাতগিরি গ্রামের দুলা মিয়ার ছেলে জাকির হোসেন (২৭) ও গাইবান্ধা সদর উপজেলার বাকীর মোড়ের মোজাম্মেল মিয়ার ছেলেও নাজমুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক আজিজ বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী জাকির হোসেন ও নাজমুল ইসলাম গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আহত জাকির হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান। এ ছাড়া শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাজমুল ইসলাম। 

এই পুলিশ কর্মকর্তা জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।