২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ডাকাতরা আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে ছয় লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

মাদারীপুরে চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
মাদারীপুরের রাজৈরে একদল ডাকাত ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ঘরের আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে সবকিছু তছনছ করেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

মাদারীপুরের রাজৈরে এক ইউপি চেয়ারম্যানের ভাই ধান ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজৈর থানার ওসি মাসুদ খান।

ভুক্তভোগী আব্দুল আলিম ফকির বাজিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজভাই ও সুতারকান্দি গ্রামের প্রয়াত জয়নাল ফকিরের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মধ্যরাতে বাড়ির গ্রিল কেটে ১০ থেকে ১৫ জন লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলেন। 

এ সময় ডাকাতরা ঘরের আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে ছয় লাখ ৩০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। বাধা দেওয়ার চেষ্টা করলে আলিম ফকির ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। ডাকতরা চলে গেলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রাজৈর থানার ওসি মাসুদ খান।