২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে জবুথবু চরবাসীর পাশে উষ্ণতা নিয়ে দাঁড়াল ‘মুনলাইট’

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলা একটি মানবিক-সামাজিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

দুঃখ-কষ্ট, অভাব আর প্রাকৃতিক দুর্যোগ- এ নিয়েই বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরবাসীর জীবন। বন্যা আসে, ঘর ভাঙে, ফসল ভেসে যায়। তারপর আসে শীত- নীরবে, নির্মমভাবে। উত্তরের জনপদে শীত মানেই দরিদ্র মানুষের জন্য বেঁচে থাকার এক লড়াই। 

সারিয়াকান্দির যমুনা নদীর চরবাটিয়া ও আশপাশ বিস্তীর্ণ চরাঞ্চল। যতদূর চোখ যায়, ধু ধু বালুচর আর যমুনার বুক চিরে আসা হিমেল বাতাস। এই প্রতিকূল পরিবেশে ঘরে ঘরে উষ্ণতার জন্য হাহাকার।

শীতে চরবাসীর পাশে দাঁড়িয়েছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। এটি কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলা একটি মানবিক-সামাজিক সংগঠন। 

এই সংগঠনের উদ্যোগে শুক্রবার কুয়াশা ভরা সকালে যমুনা নদীর চরবাটিয়া, আশপাশের কয়েকটি চর এবং ধুনটের চরে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে বিতরণ করা হয় সবজি বীজ এবং প্রত্যেক পরিবারকে একটি করে গাছের চারা।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর আবু হাসনাত সাঈদ, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মঞ্জুরুল হক টুটু, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার পরিচালক শাহিন ইসলাম নয়ন, শিলদাহ বাড়ির সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নাজমা খাতুন, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির কো-অর্ডিনেটর জনি ইসলাম ও নাসিদ আহমেদ।

কম্বল পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি চরবাটিয়ার বৃদ্ধা হোসনে আরা। কাঁপতে কাঁপতে তিনি বলছিলেন, “নদীর ধারে শীতটা খুব বেশি লাগে। রাতে ঠিকমত ঘুমাতে পারি না। আজ এই কম্বল পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

একই এলাকার দিনমজুর রফিকুল ইসলাম বলেন, “শীতের সময় কাজ কম থাকে। ঘরে বাচ্চাদের নিয়ে খুব কষ্টে থাকি। এই কম্বল আর বীজ আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

একই দিন গাবতলী উপজেলার প্রত্যন্ত এলাকা শিলদহ বাড়ি, হাতীবান্ধা এবং ধুনট উপজেলার গোসাইবাড় ও ভান্ডারবাড়ীতে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাৎক্ষণিক শীত নিবারণের পাশাপাশি মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যেই বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে; যাতে আজকের সহায়তা আগামী দিনের আশায় রূপ নেয়।