২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২২

চাঁদপুর নৌ থানা পুলিশ মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার মোলহেড ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজারে ১১টি বাল্কহেডে এ অভিযান চালায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 10:34 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

চাঁদপুরে মেঘনা নদীর ১১টি বাল্কহেডে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২২ জন সুকানি ও শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার রাতে চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান এসব জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আশ্ররাফ উদ্দিন, মো. মিহাদ, আবুল হোসেন পেদা, মো. সোয়েব, মো. জোবায়ের, মোহাম্মদ হান্নান, বেলাল হোসেন, আলা উদ্দিন, মো. মোফাজ্জল হোসেন, লিটন খাঁন, মো. শহিদুল ইসলাম, মো. সজিব, আবু লায়েস, রবিউল হোসেন, মো. রাসেল খাঁন, মো. শরীফ, হুমায়ুন কবীর, জাকির হোসেন, শিপন খান, মো. শিমুল, মো. ইউসুফও ও মো. ইমদাদুল ইসলাম। 

তাদের বাড়ি চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরগুনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়। 

ওসি মনিরুজ্জামান বলেন, চাঁদপুর নৌ থানা পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার মোলহেড ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজারে ১১টি বাল্কহেডে অভিযান চালায়। 

এ সময় বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে না রাখা ও সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ নিষিদ্ধ সময়ে নদী পথে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করে। 

ওসি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল আইনের বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন এবং বাকি ১০ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।”