নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: উপমন্ত্রী শামীমকে শোকজ
ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এ নোটিস দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে শোকজ করা হয়েছে।
ওই নির্বাচনি এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও শরীয়তপুরের নড়িয়ার জ্যেষ্ঠ সহকারী জজ মো. আরিফুল ইসলাম লিখিত ব্যাখ্যা চেয়ে গত বুধবার শামীমকে নোটিস দেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান জানান।
ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এ নোটিস দেওয়া হয়েছে।
নোটিসে বলা হয়, সংসদ সদস্য প্রার্থী হিসেবে গত ৭ ডিসেম্বর নড়িয়ার রাজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ৩/৪শ’ লোক নিয়ে নির্বাচনি সভা করেছেন এনামুল হক শামীম। ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচারণা করেছেন। যা নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে পরিলক্ষিত হচ্ছে।
এ জন্য আগামী সোমবার বিকাল ৪টার মধ্যে জ্যেষ্ঠ সহকারী জজের কার্যালয়ে শামীমকে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিসের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর লিখিত অভিযোগপত্রের ছায়ালিপি ও শামীমের নির্বাচনি প্রচারণার আলোকচিত্রের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে এনামুল হক শামীমের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
