২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস চাপায় নিহত দুই বেকারি শ্রমিক

কুমিল্লা থেকে বরুড়াগামী একটি বাস তাদের চাপা দেয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 01:23 AM

Updated : 09 Feb 2023, 01:23 AM

কুমিল্লার বরুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বুধবার রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখালের বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। তারা বরুড়া পৌরসভার 'চেয়ারম্যান পোল' সংলগ্ন এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুইজন ও আহত আরেক শ্রমিক মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। খাবার খেয়ে তারা বেকারিতে যাওয়ার পথে বাজারের ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত সাড়ে ১২টার দিকে ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।