২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ‘জমির বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা, মা-বাবা জখম

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 06:09 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ঝালকাঠি সদর উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের’ জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মা-বাবা।

শনিবার দুপুরে শহরের বিকনা এলাকার এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।

নিহত মাহাফুজুর রহমান (২৩) ওই এলাকার গাছ ব্যবসায়ী আমির হাওলাদার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

হামলায় আহত আমির হাওলাদার (৪৫) ও তার স্ত্রী ফিরোজা বেগমকে (৩৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোস্তফা হাওলাদার।

অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমির হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। তিন দিন আগে কথা কাটাকাটির পর দুই পক্ষ থানায় অভিযোগ করেন।

“এ ঘটনার জেরে শনিবার বেলা ১২টার দিকে প্রতিপক্ষ চাচাতো ভাইরা তাদের লোকজন নিয়ে আমির হাওলাদারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আমিরকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গেলে মাহফুজুর রহমান ও ফিরোজা বেগমকে কুপিয়ে আহত করেন হামলাকারীরা।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহাফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় অন্য দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।