টেকনাফে গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক
গোপন খবরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১১ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করেন তারা।
আটকরা হলেন- ওই ক্যাম্পের আলী জোহারের ছেলে মো. নুর ইসলাম (২২) ও ইউনুসের ছেলে রশিদ আহমেদ (১৮)।
তারিকুল বলেন, গোপন খবরে নুর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নুর ও তার সহযোগী রশিদকে আটক করা হয়।
উদ্ধার করা গাঁজাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
