১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনা ও সাবেক ৩ মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 04:05 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। 

নিহত জহিরুল ইসলামের ভাই বাবুল মিয়া বাদী হয়ে বুধবার মধ্যরাতে মামলাটি করেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

বাবুল মিয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা। 

মামলায় আসামি হিসাবে শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

এজহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। সেদিন মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। 

পরে বিকালে সদর উপজেলার নন্দনপুরে বিসিক শিল্পনগরীর সামনে বিক্ষোভকারীদের ওপর এজহারভুক্ত আসামিরা সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে নির্বিচারে গুলি চালায়। সেসময় জহিরুল ইসলাম মারাত্মক জখম হয় ঘটনাস্থলেই মারা যান।

ওসি মোজাফফর হোসেন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।