কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের জবানবন্দি, একজন রিমান্ডে
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা ৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চারজন আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ষষ্ঠ আদালতের বিচারক আবিদা সুলতানা মলির খাস কামরায় চার আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।
তারা হলেন- সোহাগ, এমরান, রাহাত ও সুজন।
এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা টিটু কুমার নাথ অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, তাদেরকে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা ৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী। পর দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত সলাশ উদ্ধার করে পুলিশ।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি সেখান থেকেই গত ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, বুলেট বৈরাগী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার জন্য শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে তিনি ঢাকাগামী বাসে ওঠেন। পথে তার কুমিল্লা বাইপাসে নেমে যাওয়ার কথা। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে ফোন করে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন বলে জানান।
তবে তার মা নীলিমা বৈরাগী বলেন, শেষবার কথা বলার সময় তার ছেলের কন্ঠ অপরিচিত মনে হয়েছিল।
কিন্তু কথা বলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর পরপরই সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।
পুলিশ বলছে, নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল। এছাড়া তার সঙ্গে মোবাইল বা ব্যাগসহ অন্য কিছুও পাওয়া যায়নি।
নিহত বুলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া বাবুপাড়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগদান করেন।
চাকরির সুবাদে কুমিল্লা শহরের রাজগঞ্জ সংলগ্ন পানপট্টি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন তিনি। তার বাবা, মা ও স্ত্রী ছাড়াও এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন:
