Published : 26 Apr 2026, 09:57 PM
কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছে র্যাব।
রোববার কুমিল্লা ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত সন্দেহভাজন ৫ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি, তারা সবাই পেশাদার ছিনতাইকারী।”
তার ভাষ্য, র্যাবের অভিযান চলমান আছে, বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে বুলেট বৈরাগীর মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তাঁর মা নীলিমা বৈরাগী। শনিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন তিনি।
ওসি সিরাজুল মোস্তফা বলেন, মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের কাছ থেকে বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হবার পর সুরতহাল করা হয়েছে।
“সে সময় তার মাথার পেছনে গুরুতরভাবে থেতলানো আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।“
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা ৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী।
পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত সলাশ উদ্ধার করে পুলিশ।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি সেখান থেকেই গত ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, বুলেট বৈরাগী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার জন্য শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে তিনি ঢাকাগামী বাসে ওঠেন। পথে তার কুমিল্লা বাইপাসে নেমে যাওয়ার কথা। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে ফোন করে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন বলে জানান।
তবে তার মা নীলিমা বৈরাগী বলেন, শেষবার কথা বলার সময় তার ছেলের কন্ঠ অপরিচিত মনে হয়েছিল।
কিন্তু কথা বলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর পরপরই সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।
পুলিশ বলছে, নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল। এছাড়া তার সঙ্গে মোবাইল বা ব্যাগসহ অন্য কিছুও পাওয়া যায়নি।
নিহত বুলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া বাবুপাড়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগদান করেন।
চাকরির সুবাদে কুমিল্লা শহরের রাজগঞ্জ সংলগ্ন পানপট্টি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন তিনি। তার বাবা, মা ও স্ত্রী ছাড়াও এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।