২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

মামলায় জেলা প্রতিনিধি ছাড়াও চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছিল।

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 09:00 PM

Updated : 25 Jun 2023, 09:00 PM

সংবাদ প্রচারের জেরে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভির বরিশাল প্রতিনিধির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান বিপ্লব নালিশী মামলাটি করেন বলে জেলা সাইবার ট্রাইব্যুনালে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান।

মামলায় জেলা প্রতিনিধি রাহাত খান ছাড়াও চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছিল।

কিন্তু ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক শুধু জেলা প্রতিনিধির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান।

অভিযোগের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড থেকে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান বিপ্লব। কাউন্সিলর ও তার পরিবারের সবাই উচ্চশিক্ষিত এবং বরিশাল নগরীতে তাদের সুদৃঢ় অবস্থান রয়েছে। তাই একটি মহল দীর্ঘদিন ধরে তাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় রয়েছে।

মামলার বাদী জানান, গত ১৫ জুন তার ছবি ব্যবহার করে দেশটিভিতে ‘বাজার দখল করে নতুন কাউন্সিলর সমর্থকদের চাঁদাবাজি’ শিরোনামে প্রচারিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে উল্লেখ করা হয়, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাজার সিটি করপোরেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে। বৈধ ইজারাদার থাকার পরও কাউন্সিলর জিয়ার লোকজন ওই বাজার থেকে অবৈধভাবে টোল আদায় এ ছাড়া ইজারাদারকে বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হুমকি দিয়েছেন।

নালিশীতে কাউন্সিলর জিয়া দাবি করেন, বাজারটি সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন। তার লোকজন ওই বাজারে যাননি, ইজারাদারকে হুমকিও দেয়নি।

ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা সংবাদ টেলিভিশনে প্রচার হয়েছে দাবি করে বাদী বলেন, এতে স্বজনদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে।

কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে কাউন্সিলরের সম্মান নষ্ট করেছে। এ ছাড়া তিনি নিগৃহীত ও অপমানিত হয়েছেন।

মামলার বাদী আরও জানান, এ অবস্থায় গত ১৮ জুন লিগ্যাল নোটিস পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে সংবাদটি সরিয়ে ফেলা ও রাহাত খানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে প্রতিনিধি রাহাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার অবৈধভাবে দখল হওয়ার খবর পেয়ে সেখানে যাই। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ করা হয়েছে। এখানে উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার কোনো বিষয় নেই। যা পেয়েছি তা সত্য; বিভ্রান্তিরও কোনো সুযোগ নেই।”