২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

রাকিব মোল্লার মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে শিবালয় থানার ওসি জানান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 11:04 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। 

ঘটনার আটদিন পর সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানিয়েছেন। 

নিহত রাকিব মোল্লা (২৬) উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে। এলাকায় তিনি ডি এল রাকিব নামেও পরিচিত। 

রাকিব উপজেলার উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। 

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েক মাস দুপক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। 

পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানান ওসি আব্দুর রউফ।

রাকিব মোল্লার মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি জানিয়ে ওসি আরও বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”