২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

এ ছাড়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাঙচুর করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 06:15 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক গৃহবধূকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ছাড়া উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।

নিহত শান্তা ইসলাম (২২) ওই গ্রামের শাকিল খানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঙ্গে একই এলাকার দলিল লেখক মো. সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জেরে দুপুরে সোহেলের সমর্থকরা রিয়াজ মোর্শেদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন রিয়াজ মোর্শেদের চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। 

স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ওসি আদিল মাহমুদ।