Published : 13 Apr 2026, 07:09 PM
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক বৃদ্ধার ঝুলন্ত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম।
নিহত ৬০ বছর বয়সী সুফিয়া খাতুন ওই গ্রামের মৃত খেদের আলীর স্ত্রী। তাদের দুই মেয়ে, তাদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন।
সুফিয়া খাতুনের বোন জাহানারা খাতুন বলেন, খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে তার বোনের মেয়েদের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে রোববার মেহেরপুর আদালতে গিয়ে তার বোন ভূমি আইনে সম্পত্তি দাবির মামলা করেছিলেন। আর পরদিনই তার বোনকে খুন হতে হলো।

মামলার আইনজীবী বুলবুলি খাতুন বলেন, বাদী মামলা করার পর মৃত্যু আতঙ্কের কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন- “উকিল সাহেব আমি মারা গেলে আমার সন্তানরা যেন পৈত্রিক সম্পত্তির ভাগ আইনগতভাবে পায়, আপনি সেই কাজটুকু করবেন।”
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে লাশের পাশেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।