লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যান রেজাউল।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানিয়েছেন।
রেয়াজুল হক (৩৫) নামের ওই নির্মাণ শ্রমিক একই ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের বাসিন্দা আজগার আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে আয়নারপুল এলাকার দবিয়ার রহমানের বাড়ির নির্মাণকাজে যান রেয়াজুল। বাড়িটির পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন ছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেয়াজুল।
সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
